রামু, কক্সবাজার:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রামু উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম নিয়েছে। রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরীর সৌজন্যে টাঙানো ওই ব্যানারে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের নাম ও ছবি না থাকায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
জানা যায়, সম্প্রতি মেরাজ আহমেদ মাহিন চৌধুরী ঈদ শুভেচ্ছা জানিয়ে রামু উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন। ব্যানারে নিজের পরিচিতি হিসেবে তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং বিগত উপজেলা উপ-নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের নাম বা ছবি সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।
স্থানীয় রাজনীতি সচেতনদের মতে, যার হাত ধরে রাজনীতিতে মেরাজ আহমেদ মাহিন চৌধুরীর হাতেখড়ি বা উত্থান, সেই নেতার নাম ব্যানারে না থাকাটা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক কর্মী জানান, স্থানীয় পর্যায়ের একজন নেতার ব্যানারে দলীয় সংসদ সদস্যের অনুপস্থিতি কর্মী-সমর্থকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।