দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও র্যাব-৭-এর যৌথ দল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহেশখালীয়াপাড়া বটতলী বাজার ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পেকুয়া থানাধীন এলাকায় মালয়েশিয়া প্রবাসীর একটি ঘরের দরজা খোলার পূর্ববর্তী ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ সিফাত ও তার সহযোগীরা বাদীর পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে সিফাত, নাজেম উদ্দিন ও মোহাম্মদ বাহাদুরসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালান।
এ সময় হামলাকারীরা ধারালো কিরিছ, লোহার হাতুড়ি ও লোহার রড দিয়ে বাদী ও তার বাবাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর বাবাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি সিফাত গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ কোম্পানি) ও র্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল টেকনাফের মহেশখালীয়াপাড়া বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।