দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহানকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা চরপাড়া এলাকার মুরত আলমের ছেলে।
র্যাব জানায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে (২৬) লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামি শাহজাহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-১৫ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।