বিশেষ প্রতিনিধি, রামু:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গুপ্ত শোডাউন ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কক্সবাজারের রামুতে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামু উপজেলা ছাত্রদল।
রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চৌমুহনী স্টেশন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “স্বৈরাচারী শাসনের পতনের পর ক্ষমতাচ্যুতদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পেছনের দরজা দিয়ে গুপ্ত শোডাউন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজপথে তাদের যেকোনো ধরনের চক্রান্ত ও নৈরাজ্য প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রামুর শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে রামু উপজেলা ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ কলেজ ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।