বিশেষ প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশেক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আশেক কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের (উত্তর শাখা) তাঁতীদলের বর্তমান সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বিপ্লব চন্দ্র নাহা ও সঙ্গীয় পুলিশ দল এই অভিযান পরিচালনা করেন। চুনতি এলাকায় অভিযান চালিয়ে মো. আশেককে আটক করার পর তার হেফাজতে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আশেক উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে লোহাগাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা (মামলা নম্বর-০৯, তারিখ: ০৭/০৯/২০২০) দায়ের করা হয়েছে। আটক আসামিকে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয়ভাবে তাঁতীদলের দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।