সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকা থেকে হ্নীলা রঙ্গিখালীর বিতর্কিত কথিত সংবাদকর্মী নুরুল আলম মুজাহিদকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছিল এবং দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
অভিযানের পর আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।