দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মাহমুদুল হাসানকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উখিয়া থানাধীন রাজাপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসানকে আটক করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান মৃত জলিল বকসু ও নুর জাহানের সন্তান। তার স্থায়ী ঠিকানা উখিয়ার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ইস্ট এলাকায়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আরসার একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলায় আদালত ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে মাহমুদুল হাসানকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।