দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে র্যাবের অভিযানে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ রোডস্থ ‘বৈষম্যহীন ভাতঘর হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫, কক্সবাজার সদর কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেপ্তার আসামি হলেন কলিম উল্লাহ প্রকাশ মো. করিম (৪৬)। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুহুল্লার ডেইল এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আলীকদম থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার আসামি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মাদক নির্মূল এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে র্যাব-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।