দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল, একটি বাটন মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ টেকনাফ মেইন বিচ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন—টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়া এলাকার নুরুল আবছার (২৬) এবং গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে রাত ২টার দিকে মেইন বিচ এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল।
পরে ভোর আনুমানিক সোয়া ৩টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ইজিবাইকযোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্ক এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি। তাদের থামার সংকেত দেওয়া হলে তারা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে একজনকে চাইনিজ কুড়ালসহ আটক করা হয়।
পরবর্তীতে প্রায় দুই ঘণ্টার অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। তবে এ সময় আরও দুই ব্যক্তি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ব্যবহৃত ইজিবাইকের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে ইজিবাইকের তলদেশে বিশেষভাবে তৈরি একটি বক্সে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সদৃশ একটি খেলনা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।