সিনিয়র রিপোর্টার: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন কারবারি সাবরাং বাজারপাড়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শাপলা চত্বর এলাকায় অভিযান চালায়।
অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি রাতের অন্ধকারে পালিয়ে যায়। পালানোর সময় তারা পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই পোটলাগুলো তল্লাশি করে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।