
কক্সবাজার, ২৫ ফেব্রুয়ারি: ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নিষিদ্ধকৃত কার্যক্রমের সাথে যুক্ত আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী আজ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পরপরই তিনি কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সাথে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন, যা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
এই সাক্ষাতের সময় দু’জন নেতা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। তবে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে যে, আওয়ামী লীগের এই নেতা কি বিএনপিতে যোগ দিয়েছেন?
সোহেলের রাজনৈতিক অবস্থান নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এই গুঞ্জনের সত্যতা যাচাইয়ে ‘সমুদ্রবেলা’ পত্রিকার পক্ষ থেকে সোহেল জাহান চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। ফোন ধরে তার স্ত্রী জানান, “সোহেল এখনও বিএনপিতে যোগদান করেননি। তবে তিনি আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন কি না, সেটা নিশ্চিত করে বলতে পারছি না।”
এই ঘটনা কক্সবাজারের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মোড় যোগ করেছে, যেখানে সোহেলের ভবিষ্যত পদক্ষেপ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে সোহেলের সরাসরি বক্তব্যের।