টেকনাফ প্রতিনিধি (মিসবাহ উল্লাহ):
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরকান আর্মি’র হাতে আটক হওয়া ২৪ বাংলাদেশি জেলেকে কার্যকর পদক্ষেপ ও মধ্যস্থতার মাধ্যমে উদ্ধার করে স্বদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আনুষ্ঠানিকভাবে এসব জেলেকে গ্রহণ করে নিরাপদে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
বিজিবি সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করলে বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরকান আর্মি। জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দ্রুত সীমান্ত পর্যায়ে যোগাযোগ ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পর আজ আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে বিজিবির একটি বিশেষ দল তাদের উদ্ধার করে দেশে নিয়ে আসে।
উদ্ধারের পর টেকনাফ জেটিঘাটে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে বিজিবি। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দীর্ঘদিন পর প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার খবরে জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে।