দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশের সময় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাজিরপাড়া বিওপির বিশেষ অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিআরএম-৬ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বিএসপি পোস্ট সংলগ্ন নাফ নদীর এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়।
সকাল ১১টার দিকে বিজিবির সদস্যরা সেখানে কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি হস্তচালিত কাঠের নৌকায় করে এক ব্যক্তিকে নদীর তীরে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এ সময় ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালিয়ে পাশের একটি খালে লাফ দেন। পালানোর সময় তার শরীরে বিশেষ কৌশলে মোড়ানো ইয়াবার প্যাকেট পানিতে পড়ে যায়। পরে সে সাঁতরে পাশের এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে এলাকা ঘেরাও করে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। নাফ নদী ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ইয়াবা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।