দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটের দিকে বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে থার্মাল প্রযুক্তির মাধ্যমে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটকের জন্য ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।