দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ সোলতান আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (১৮ আগস্ট) র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে টেকনাফের শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সিএনজি অটোরিকশায় করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে এক মাদক কারবারি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এরপর বিকেল ৪টা ৫০ মিনিটে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসায় র্যাব। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে সিএনজিতে তল্লাশি চালান।
তল্লাশির সময় সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার সোলতান আহমদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের কঠোর ও আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।