দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবার প্যাকেট ফেলে দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে শাকেরের ঘের এলাকায় অভিযানটি পরিচালনা করে।
রাত ১০টা ৩০ মিনিটের দিকে টহল দল মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।