দিদারুল আলম জিসান: কক্সবাজার
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারে সচেতনতামূলক মাদকবিরোধী র্যালি আয়োজন করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আয়োজিত এ র্যালির উদ্দেশ্য ছিল মাদক পাচার প্রতিরোধ, মাদক গ্রহণের ভয়াবহ কুফল এবং এর ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, এসজিপি, বিজিবিএম, পিবিজিএম। এ সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া বিজিবি সদস্য, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ থেকে ১৬০ জন র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিতে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব, যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি কর্নেল মো. আনোয়ার-উল-আলম বলেন, বিজিবি সীমান্তে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধের পাশাপাশি মাদকের কুফল, সামাজিক অবক্ষয় এবং অবৈধ মাদক ব্যবসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।