দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে।
এর ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে বোটটি রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।