জাওয়ান উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার)
টানা ভারী বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। পানিবন্দি এসব মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ।
রোববার (১২ জুলাই) দুপুরে পানিবন্দি অসহায় পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দুর্গত এলাকা পরিদর্শন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরিদর্শন শেষে তিনি ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “টানা বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পানিবন্দি মানুষ যাতে খাদ্যসংকটে না পড়েন, সেই লক্ষ্যেই সরকারি সহায়তা দ্রুত তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।”
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “আকস্মিক এই বন্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউপি সদস্যদের সমন্বয়ে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। দুর্যোগকালীন এই সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
ত্রাণ সহায়তা পেয়ে পানিবন্দি ক্ষতিগ্রস্তরা স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।