চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে পানি নেওয়া কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে প্রবীণ বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) প্রকাশ মুন্সি মিয়াকে পিটিয়ে ও আছাড় মেরে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পেকুয়া থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পেকুয়ার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জন্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে দুই দফায় বেধড়ক মারধর করা হয় এবং পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় দেওয়া হয়। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পরিবারের আরও তিন সদস্য আহত হন।
স্বজনরা মুমূর্ষু অবস্থায় ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ১২/২৬) দায়ের করেন। মামলাটিতে একই পরিবারের ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে র্যাবের সহযোগিতায় চাঁদগাঁও এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।