দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ছৈয়দ আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ছৈয়দ আলম কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের মুহুরিপাড়া (বিসিক) এলাকার নুরুল ইসলামের ছেলে।
এসআরবি-১৫ জানায়, ছৈয়দ আলম কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।