দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া ফাইসাখাল আব্দুর রহমানের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে নিয়মিত টহলের সময় সীমান্তের আনজুমানপাড়া ফাইসাখাল আব্দুর রহমানের ঘের এলাকায় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা পলিব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া পলিব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০ কাটে থাকা আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আরও তল্লাশি চালালেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।