দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে পাচার করে আনার সময় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জোনায়েত (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পালংখালী সীমান্তের পানির পয়েন্টের উত্তর দিকে পোগরবুলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জোনায়েত উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬, ব্লক-সি-২, সুবলংকাটা এলাকার নুরু হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে লুঙ্গি দিয়ে প্যাঁচানো দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে জোনায়েতকে আটক করা হয়।
আটকের পর তার হাতে থাকা পোটলাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩১ কার্টন থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোনায়েত মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছে।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।