দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. সালাম (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. সালাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর বাসিন্দা। তিনি মৃত দিল মোহাম্মদের ছেলে বলে জানা যায়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে বালতি হাতে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করা হলে সালাম দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা তাকে আটক করেন।
পরে তার হাতে থাকা বালতিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।