দিদারুল আলম জিসান, কক্সবাজার:
কক্সবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭-এর এক যৌথ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সরোয়ার (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকার বার্মিজ মার্কেট রোডসংলগ্ন ‘মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের’ সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি কালুর দোকান এলাকায় অবস্থান নেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় সরোয়ারকে আটক করা হয়। পরবর্তীকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ ও ব্যাগ তল্লাশি করে একটি শপিং ব্যাগে সাদা স্কচটেপে মোড়ানো ৭টি বান্ডেল থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।