দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধের ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
গ্রেপ্তার সাদমান সিহাব (৩০) মামলার ৩ নম্বর আসামি বলে যানা যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে সেখানে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার মা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদমান সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।
এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধ পর্যালোচনায় সাদমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলাসহ আগের একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।