নিজস্ব প্রতিবেদক:
ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, কোনো পক্ষ যদি দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়, তবে রাজপথেই তা প্রতিহত করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্যে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, একটি মহল ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মাধ্যম ভয়ভীতি ছড়িয়ে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তবে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে এ ধরনের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।
দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সতর্ক অবস্থানের আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই শীর্ষ নেতা।