দিদারুল আলম জিসান: কক্সবাজার
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।
অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে আটক করা হয়। এ সময় দুটি ট্রাকে থাকা ৬০০ বস্তা বা ৩০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।