বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের তিন ছেলে নুরুল হুদা (৪০), মোঃ ছিদ্দিক (৩২) এবং মোঃ ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী নুরুল হুদার বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক পৌনে ৭টায় এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয়।
পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে ঘরের পশ্চিম পাশের সানসেডের ওপর থেকে একটি প্লাস্টিকের বস্তায় থাকা ৯টি প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।