
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, সন্ধ্যা ০৭:০১
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনূর আলম শান্ত (৬০) নামে এক নেতা কারাবন্দি অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বগুড়া কারাগারে আওয়ামী লীগের অন্তত ৬ নেতার মৃত্যু হয়েছে ।
জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও কারা সূত্র জানায়, গত ৪ জানুয়ারি বগুড়া শহরের নারুলী কৃষি ফার্মের সামনে মব সৃষ্টির পর শাহনূর আলম শান্তকে মারধর করে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে বগুড়া সদরের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। ১৭ জানুয়ারি তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বগুড়া কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা আওয়ামী লীগ নেতা:
গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ওরফে ভুট্টু (৫২)
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন মিঠু (৬৫)
বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু (৫৭)
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ (৬৭)
বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন (৫৮)
এসব মৃত্যুর ঘটনাকে অনেকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করছেন।