কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি রাইফেল, একনলা বন্দুক ও এলজিসহ সর্বমোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) মহেশখালী থানাধীন ছোট মহেশখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—চট্টগ্রামের পটিয়া থানার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছোট মহেশখালী এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রুবেল মিয়া ও মানিক দে নামের দুজনকে আটক করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃতদের দেখানো তথ্যমতে সিএনজিতে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, একনলা বন্দুক এবং এলজিসহ সর্বমোট আটটি দেশীয় তৈরি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।