দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক নারী হলেন মোছা. শাবনুর (২৮)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের মাঝের পাড়ার বাসিন্দা এবং রাসেলের স্ত্রী।
৩৪ বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করার সময় যাত্রী শাবনুরের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক নারী ও উদ্ধার করা ইয়াবা এবং অন্যান্য মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।