আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ এবং একটি আঞ্চলিক সংস্থা এখনও অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়া—এই ছয়টি দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল ইসির আমন্ত্রণে অংশ নেওয়ার বিষয়ে এখনও নিশ্চিতকরণ দেয়নি। তাদের আসা না আসা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। একইভাবে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ) থেকেও কোনো সাড়া মেলেনি।
এদিকে, এ পর্যন্ত প্রায় ৬০ জন আন্তর্জাতিক অতিথি নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছেন। এরা বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি। ইতোমধ্যে কয়েকজন ঢাকায় পৌঁছে গেছেন, বাকিরা খুব শিগগিরই আসছেন।
ইসি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ঢাকার একটি আন্তর্জাতিক মানের হোটেলে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় থাকা-খাওয়া ও আতিথেয়তার সুব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যবেক্ষণের সুযোগ নিশ্চিত করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, শেষ মুহূর্তে আরও কয়েকটি দেশ ও সংস্থা অংশগ্রহণের সিদ্ধান্ত জানাতে পারে, যা নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।