দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে পৃথক দুটি অভিযানে ৫২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি বাটন ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে তল্লাশি করা হয়। বিজিডি-১০৮৩ ডগ ‘জন’-এর বিশেষ দক্ষতায় মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতর অভিনব কায়দায় লুকানো ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. আয়াজ (৩০)কে আটক করা হয়।
আয়াজ টেকনাফের হ্নীলা এলাকার মো. শামসুল আলমের ছেলে।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একই চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির মাদক শনাক্তকারী কুকুর ‘জন’-এর সহায়তায় অটোরিকশার ব্যাটারির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক মো. ফয়সাল (২২)কে আটক করা হয়।
ফয়সাল টেকনাফের জাদিমুরা এলাকার মো. সেলিমের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবা ও জব্দ মালামালসহ তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।