দিদারুল আলম জিসান: কক্সবাজার
চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সারসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ছয়জনকে আটক এবং দুটি বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডে।