টেকনাফ প্রতিনিধি :
টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় পাহাড়ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় পাহাড়ি ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ও বিকেল দুই দফায় উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকায় মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কবার্তা প্রচার করা হয়।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় সরাসরি মাঠে নেমেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী। তিনি উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শনে যান এবং সেখানে বসবাসরত বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তিনি স্থানীয়দের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার এবং প্রয়োজনে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, স্থানীয়দের সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ের পাদদেশে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কঠোর অবস্থান নেবে। কোনো অবস্থাতেই যেন জানমালের ক্ষতি না হয়, সেদিকে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়ার সার্বিক পরিস্থিতির কারণে কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।