জাওয়ান উদ্দিন,স্টাফ রিপোটার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা-এ পরিচালিত মোবাইল কোর্টের সাম্প্রতিক অভিযানকে ঘিরে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযানে শুধুমাত্র দুইটি পেট্রোল পাম্পে ব্যবস্থা নেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অভিযানে মেসার্স করিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এবং মেসার্স আনুমিয়া সিকদার ফিলিং স্টেশন-এ তেল পরিমাপ পরীক্ষা করা হয়। পাম্প কর্তৃপক্ষের দাবি, তাদের ৫টি মিটারের মধ্যে ৩টিতে সঠিক পরিমাপ পাওয়া গেছে। একটি মিটারে ১০ লিটারে ১০০ গ্রাম বেশি এবং অন্য একটি মিটারে ১০০ গ্রাম কম পাওয়া যায়। এ কারণে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাম্প মালিকদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। একই সঙ্গে অন্যান্য পাম্পে অভিযান না চালানোয় পুরো কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বলে তারা দাবি করেন।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি জ্বালানি সংকটের সময়ও গ্রাহকদের স্বার্থে পূর্বমূল্যে তেল বিক্রি করেছেন।
এদিকে নিজেদের পরিমাপের স্বচ্ছতা প্রমাণে পাম্প কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে। কক্সবাজার জেলার যেকোনো পাম্প থেকে তেল কিনে এনে তাদের পাম্পের সঙ্গে পরিমাপ তুলনা করলে, যদি তাদের পাম্পে বেশি না পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।