দোহা/রিয়াদ, ২ মার্চ ২০২৬:মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সংগঠনটি ইরানকে অবিলম্বে তাদের সদস্য দেশগুলোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রবিবার (১ মার্চ) জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরা হয়। হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জিসিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই কর্মকাণ্ড সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এতে আরব উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতি-বাণিজ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
জিসিসির সদস্য দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত এবং ওমান। বিবৃতিতে এই দেশগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে , একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।
জিসিসি ইরানকে অবিলম্বে এসব হামলা বন্ধের পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে সতর্ক করে দিয়েছে , জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে এবং প্রয়োজনে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে, এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে, যা অঞ্চলে ব্যাপক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।