আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চৌফলদন্ডী এলাকায় রাখাইন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান সরাসরি চৌফলদন্ডীতে গিয়ে রাখাইন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।
এই আলোচনায় নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার উপস্থিত সবাইকে উৎসাহিত করে বলেন, যাতে প্রত্যেকে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
একই সঙ্গে তিনি সকলকে সতর্ক করে বলেন, ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, ভয়-ভীতি বা বিভ্রান্তিতে পা না দেওয়ার জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যে প্রশাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।