কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিশেষ অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানটি রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, উখিয়ার বালুখালী, পালংখালী ইউনিয়নসহ আশপাশের এলাকায় ভাড়া বাসা, স্থানীয়দের জমি দখল করে বসবাস করা রোহিঙ্গাদের চিহ্নিত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।
এ অভিযানের মূল উদ্দেশ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের অবৈধ চলাচল নিয়ন্ত্রণ করা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এক সুত্রে জানা যায়, কিছু রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এমনকি কেউ কেউ ভোটার আইডি কার্ড সংগ্রহ করে নিজ নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অবৈধ অংশগ্রহণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে।
নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।