দিদারুল আলম জিসান : কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ বাবুল মিয়া (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল মিয়া হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মৃত মীর কাশিমের ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল উনচিপ্রাং বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় করা মামলায় আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।