দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পৃথক দুটি অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে একটি সিএনজি ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিবিহীন অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সকাল সাড়ে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে বিজিবির তল্লাশিদল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘বিজিডি-১০৮৫ ডগ জর্জ’-এর সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায়। এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজির চালক মোহাম্মদ নূর (২৬)কে আটক করা হয়েছে। তিনি টেকনাফের হ্নীলা এলাকার কালা চাঁনের ছেলে। তার কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক মোহাম্মদ নূরকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।