দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে চাঞ্চল্যকর ইকরাম হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ জানায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে (৪০) হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুবিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।