উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক
সিনিয়র রিপোর্টার ‘ কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল (৩৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. কামাল উখিয়া উপজেলার বালুখালী জমিদারপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
এ সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। তার হাতে থাকা কালো পলিথিনের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছে বলে জানানো হয়েছে।