দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। তবে আইস ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ ও শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় দুটি কাঠের বোটও জব্দ করা হয়।
এদিকে, গত ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা মাদক ও জব্দ করা বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইসের চালানের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।