টেকনাফ প্রতিনিধি (মিসবাহ উল্লাহ):
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া গতির কারণে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী মাদারবুনিয়া উপকূলীয় এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত তরুণের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় বলে নিশ্চিত করেছে উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টেকনাফগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের বাইরে ছিটকে পড়ে এবং গুরুতর রক্তাক্ত হয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে উখিয়া ও টেকনাফ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে খবর পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মেরিন ড্রাইভ সড়কে নিয়মিত নজরদারি ও কার্যকর গতি নিয়ন্ত্রক ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। সড়কটিকে দুর্ঘটনা রোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।