দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী তিন সন্দেহভাজন চোরাকারবারি পালিয়ে যায়।
সোমবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল। রাত সোয়া ১টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। তাদের থামাতে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। তবে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৪০ কাটে মোট ৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি বলছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।