টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) পৃথক দুইটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩ আগস্ট বিকেলে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাকিরের ডেইল কবরস্থান পাহাড়ের পাদদেশে অভিযান চালায় র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি দল। তল্লাশিকালে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এসএমজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
একই দিন সন্ধ্যায় অপর এক অভিযানে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে অভিযান চালানো হয়। অভিযানে শেড নং-০৬৮৭-এর বাসিন্দা শামসুর আলমের মেয়ে সামসুন নাহারকে (১৮) আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘরের শয়নকক্ষের মাচায় বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি জব্দ করা হয়।
উদ্ধারকৃত এসএমজি ও গুলিসহ আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।