টেকনাফে প্রতিনিধি, মিসবাহ উল্লাহ :
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে জামিন পেয়েছেন দৈনিক যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক, কক্সবাজারের সাংবাদিক সমাজের আস্থার প্রতীক ও জনপ্রিয় সাংবাদিক নেতা আবুল কাসেম।
বুধবার আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। এর মাধ্যমে সত্য ও ন্যায়বিচারের জয় হয়েছে বলে মনে করছেন কক্সবাজারের কর্মরত সাংবাদিক সমাজ।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার কারণে একটি স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। পেশাগত দায়িত্ব পালনে তাঁকে বাধাগ্রস্ত করা এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেই এই ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলাটি দায়ের করা হয়েছিল। তবে বিজ্ঞ আদালত সমস্ত নথিপত্র ও তথ্যপ্রমাণ বিচার-বিশ্লেষণ করে তাঁর জামিনের আদেশ দেন।
আবুল কাসেমের জামিনের খবর ছড়িয়ে পড়লে কক্সবাজারের সর্বস্তরের সাংবাদিকদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার ভেসে যায়। স্থানীয় সাংবাদিক নেতারা প্রতিক্রিয়ায় জানান, আবুল কাসেম কক্সবাজারের সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র এবং তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণার উৎস। ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে তাঁর মতো নীতিবান সাংবাদিকের কলম স্তব্ধ করা সম্ভব নয়।
জামিন লাভের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবুল কাসেম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি তাঁর এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সহকর্মী সাংবাদিক, আইনিজীবী এবং সুশীল সমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সত্য প্রকাশে কোনো ষড়যন্ত্র বা বাধাই তাঁকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না; অন্যায়ের বিরুদ্ধে তাঁর কলম আগের মতোই সোচ্চার থাকবে