দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে জি-৩ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল।
পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে লেদা বাজার অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক তিনজন হলেন—মো. উসমান বেলাল (কুতুপালং এফডিএমএন ক্যাম্প), মো. মুসলিম (২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্প) ও মো. আনসার আলী (কুতুপালং এফডিএমএন ক্যাম্প)।